শিবগঞ্জে ভিমরুলের কামড়ে দুদিনে আহত ২৫, একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভিমরুলের হুলে সেরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুদিনের আক্রমণে আহত হয়েছেন অন্তত ২৫ জনের বেশি পথচারী। দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার সকালে উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কারবালা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া সেরাজুল ইসলাম শিবগঞ্জ পৌরসভার সেলিমাবাদ মহল্লার আবেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারবালা পুকুর পাড়ের রাস্তা দিয়ে সেরাজুল ইসলাম পাওয়ার টিলারযোগে বাড়ি ফিরছিলেন।
একই সময় শিবগঞ্জ উপজেলা পরিষদের কর্মচারী মোরসালিন ও শাহিন কাদের মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ অসংখ্য ভিমরুল তাদের ওপর আক্রমণ করে।
আত্মরক্ষার্থে তারা পাশের পুকুরে ঝাঁপ দেন। স্থানীয়রা তাদের উদ্ধার করতে গিয়ে তারাও আক্রমণের শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের সাতজনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করেন। এছাড়া শুক্রবার সকালে ওই রাস্তা দিয়ে কৃষকরা এবং দেবিনগর গ্রামের কয়েকজন আসার পথে আবারো আক্রমণের শিকার হয়ে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন এবং ভিমরুলের বাসাটি সেখান থেকে উচ্ছেদ করেন।
উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান কাদেরি কিবরিয়া জানান, বৃহস্পতিবার ও শুক্রবারের ঘটনায় তারা ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় আধাঘণ্টা রাস্তাটি লকডাউন করে ভিমরুলের বাসাটি উচ্ছেদ করা হয়। তবে স্থানীয়দের ওই রাস্তাটি দিয়ে আরো কয়েকদিন সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেন।
এদিকে ওই রাস্তা ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে যারা পৌর বাজারের ব্যবসায়ী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদের জন্য এ রাস্তাটি গুরুত্বপূর্ণ হওয়ায় আতঙ্কে রয়েছেন।
মান্নান কম্পিউটারের স্বত্বাধিকারী আ. মান্নান জানান, গত দুদিনে ২৫/২৭ জন ভিমরুলের আক্রমণে আক্রান্ত হয়েছেন। কারবালা পুকুরপাড়টি তাদের চলাচলের গুরুত্বপূর্ণ একটি রাস্তা হওয়ায় চলাফেরা নিয়ে শঙ্কায় রয়েছেন।
বাঁশমহল গ্রামের ফরিদ জানান, প্রতিদিন তিনি তার সন্তানদের শহরের স্কুলে নিয়ে যান। দ্রুত এর সমাধান না হলে তার মতো এ গ্রামের অনেক অভিভাবক বিপাকে পড়বেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, ভিমরুলের কামড়ে আক্রান্ত তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে পৌঁছানোর আগেই সেরাজুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়। অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশহাী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।