শিবগঞ্জে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতার ব্যক্তি মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে রিপন। আজ র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রিপনকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের ঘাসের জমিতে লুকিয়ে রাখা দুটি গর্ত থেকে ২৯৫ বোতল ফেনসিডিল ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।