শিবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

শিবগঞ্জে উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহি এবং একজন নসিমন চালকসহ দু’জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ও দুপুরে নয়ালাভাঙ্গা ইউনিয়নে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে দূর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, একই ইউনিয়নের সাবেক লাভাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নসিমন চালক মোহাম্মদ আলী এবং পার্বতীপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে ও মোটরসাইকেল আরোহি রেজাউল করিম। রেজাউল করিম পেশায় দুরপাল্লার কোচ চালক ছিলেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, গতকাল রাত সোয়া ৮টার দিকে হরিনগর এলাকায় পাথর বোঝাই একটি ট্রাককে মোটরসাইকেল চালিয়ে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আহত হন রেজাউল করিম। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে গতকাল দুপুরে নামোসুন্দরপুর এলাকায় সড়কে অন্য যানবাহনকে সাইড দিতে গিয়ে সড়ক পাশে নসিমন উল্টে গেলে ঘটনাস্থলে আহত হন মোহাম্মদ আলী। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উভয় ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এসব ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।