শিবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

শিবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী । ক্লিন শিবগঞ্জ গড়ার লক্ষ্যকে সামনে রেখে আজ সকালে আব্দুর রউফ এর সভাপতিত্বে ও এম. এ. আযীয মাহমুদ এর সঞ্চালনায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কেরামত আলী । এসময় শিবগঞ্জ বাজারের রাস্তাসহ বিভিন্ন প্রান্তে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করে দেন । উদ্বোধনকালে প্রধান অতিথি ড. কেরামত আলী বলেন, পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও রাখার প্রয়োজনীয়তা কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত । এছাড়াও পরিবেশের ভারসাম্য ও সুস্বাস্থ্যের জন্যও এটি অতীব জরুরী । অতএব নিজ নিজ জায়গা থেকে সর্বস্তরের মানুষের উচিত নিজ এলাকা ও কর্মস্থল পরিস্কার পরিচ্ছন্ন রাখা । এই কার্যক্রম কতদিন চলবে জানতে চাইলে তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার ১৫ টি ইউনিয়নেও এই কার্যক্রম বাস্তবায়ন হবে এবং মাঝে মধ্যেই এই কার্যক্রম চালানো হবে । তবে সংসদ সদস্য হিসেবে এই লক্ষ্য বাস্তবায়নে তিনি শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন । উল্লেখ্য, নির্বাচনের আগেও শিবগঞ্জ পৌরসভা সহ সকল ইউনিয়নে এই কাজ পরিচালনা করেছিলেন ড. কেরামত আলী । নির্বাচনে বিজয়ী হওয়ার পরেই আবারো পরিচ্ছন্নতার এই কাজ অব্যহত রেখে প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় শিবগঞ্জ উপজেলাবাসীর প্রশংসায় ভাসছেন নব-নির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী ।