শিবগঞ্জে তিন সন্তান জন্ম দেয়া পরিবারের পাশে ইউএনও

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একসাথে তিন সন্তানের জন্ম দিয়ে আলোচনায় এসেছেন তোহরুল ইসলাম-কামরুন নাহার বেগম দম্পতি| অভাব-অনটনের মাঝেও সন্তানদের লালন-পালনে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বাবা তোহরুল ইসলাম| তিনি পেশায় কৃষক| এ সময়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিবগঞ্জ পৌর প্রশাসক মাজহারুল ইসলাম| সোমবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা এলাকার বাসিন্দা তোহরুল ইসলামের শ্বশুর বাড়ি কানসাট ক্যাইঠাপাড়া এলাকায় নবজাতকদের জন্য বেবি ফুড, নতুন পোশাক ও নগদ অর্থ নিয়ে যান ইউএনও| সেই সাথে তিনি জন্মের ৪৫ দিনের মধ্যেই তিন নবজাতকের জন্মনিবন্ধন সম্পন্ন করে দেয়ার আশ্বাস দেন| এ সময় ইউএনও মাজহারুল ইসলাম বলেন, এ তিন নবজাতক শুধু একটি পরিবারের সম্পদ নয়, আমাদের সমাজেরও সম্পদ| আমরা চাই তারা সুস্থভাবে বড় হোক| প্রশাসনের পাশাপাশি সমাজের সামর্থ্যবানদেরও এগিয়ে আসতে হবে| শুধু শুভেচ্ছা নয়, বাস্তব সহায়তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য| পরিবার জানায়, গত ২১ এপ্রিল প্রসববেদনা উঠলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কামরুন নাহার বেগমকে| সেদিনই অস্ত্রোপচার ছাড়াই তিন সন্তানের জন্ম দেন গৃহবধূ| বর্তমানে তিন নবজাতক ও মা সুস্থ রয়েছে| তবে পর্যাপ্ত মায়ের দুধ না পাওয়ায় দুধ ও ওষুধ কিনতে হিমশিম খাচ্ছে পরিবারটি|