শিবগঞ্জ সীমান্তে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি| আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান| তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর এলাকায় অভিযান চালায় মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল| অভিযানকালে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়| তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি| তিনি আরও জানান, জব্দকৃত মোবাইল ফোনের বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা| পরে জব্দকৃত মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ জেলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে| কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে| গত ৩ মাসে পৃথক অভিযানে মাদকদ্রব্য, গবাদিপশু ও অন্যান্য ভারতীয় পণ্যসহ মোট প্রায় ৪ কোটি ৫৩ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে| ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি|