রোজায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পুরো মাসজুড়ে বন্ধ রাখার সিদ্ধান্ত

রোজা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পুরো মাসজুড়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে এ সিদ্ধান্তের কথা জানায়।
আগে প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন বৃহস্পতিবার থেকেই রোজার প্রথম দিন থেকে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
এদিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে জানায়, রোজার পুরো সময়জুড়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও প্রাথমিক বিদ্যালয় রোজা মাসজুড়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহানা শারমিন।
এর আগে কলেজ ও মাদ্রাসা রোজার শুরু থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে রোজা মাসে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।