রাবারড্যামের নিরাপত্তায় পুলিশ চেয়েছে পাউবো

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবারড্যামের নিরাপত্তা স্বার্থে পুলিশি টহল চেয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। রবিবার চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বরাবর একটি চিঠি দিয়েছেন স্থানীয় পাউবোর নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব।

চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মহানন্দা নদীতে রাবারড্যাম নির্মাণ করেছে। যার কিছু কাজ বাস্তবায়নাধীন রয়েছে। গত শুষ্ক মৌসুম হতে রাবারড্যাম ফুলিয়ে মহানন্দা নদীর পানি সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, রাবারড্যাম এলাকায় মানুষ নিরাপত্তা সতর্কতা মানছেন না। তারা ড্যামের মূল কাঠামোর ওপর উঠে গোসল করছেন, যা বিপজ্জনক। রাবারড্যামের ওপর মানুষের অনিয়ন্ত্রিত উপস্থিতি রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় সরকারি এই সম্পদ রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাবারড্যাম এলাকায় জনসাধারণের প্রবেশ ও গোসল বন্ধে প্রয়োজনীয় পুলিশি টহলের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এদিকে এরই মধ্যে পুলিশ সুপারের কার্যালয় থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় চিঠিটি পাঠানো হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ সুপার মহোদয়ের চিঠি পেয়েছি এবং রাবারড্যাম এলাকায় পুলিশি টহল বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে রবিবার দুপুরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি রাবারড্যাম সংলগ্ন এলাকায় সচেতনতা সৃষ্টিতে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

এ সময় তিনি স্থানীয়দের রাবারড্যামের ওপর উঠে গোসল না করার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর সংলগ্ন মহানন্দা নদীতে ২০২১ সালের ১১ নভেম্বর থেকে ২৭০ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে দেশে সর্ববৃহৎ এই রাবারড্যাম নির্মাণকাজ শুরু হয়। গতবছর প্রকল্পটি চালু হয়। তবে সম্প্রতি স্থানীয়দের ড্যামের ওপর উঠে গোসল করার প্রবণতা দেখা দেয়ায় এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।