রাজশাহীতে জমি বিরোধে চাচা হত্যার মামলার আসামি ঢাকায় গ্রেফতার

রাজশাহীতে সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ দুপুরে র‌্যাব-৫, রাজশাহী ও র‌্যাব-২, মোহাম্মদপুরের যৌথ অভিযানে তাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়। র‌্যাবের পাঠানো প্রেস নোটে জানানো হয়, ২০২৫ সালের ২১ অক্টোবর রাজশাহীর চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মোস্তফা শেখকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে চারঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা ফরহাদ শেখকে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়। ফরহাদ শেখ মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।