রমজানে ইংলিশ ফুটবলের ২ প্রতিযোগিতায় থাকছে ইফতার বিরতি

পবিত্র রমজান মাস উপলক্ষে ইংল্যান্ডের শীর্ষ দুই ফুটবল প্রতিযোগিতা ‘প্রিমিয়ার লিগ’ ও ইংলিশ ফুটবল লিগে’ আগের মতোই ম্যাচ চলাকালে সংক্ষিপ্ত বিরতির সুযোগ পাবেন খেলোয়াড়রা। এই বিরতিতে মুসলিম খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা ইফতার করতে পারবেন। আসছে রমজান মাসজুড়ে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। যুক্তরাজ্যে এ সময় সূর্যাস্ত সাধারণত বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হয়। ফলে শনিবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের কিক-অফ ও রোববার বিকেল ৪টা ৩০ মিনিটের ম্যাচগুলোতেই মূলত বিরতির প্রয়োজন হতে পারে। ম্যাচের মাঝখানে খেলা থামিয়ে দেওয়া হবে না। এই বিরতি কোনোভাবেই দলীয় ড্রিঙ্কস ব্রেক বা কৌশলগত টাইম-আউট হিসেবে ব্যবহার করা যাবে না।