মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা ২৫ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ার বিষয়ে মন্ত্রী বলেন, যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা প্রতিবন্ধী এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা নিজ নিজ আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। আগামী কোরবানি ঈদের আগে এই সুযোগ চালু করা হবে বলেও জানান তিনি।
রেলের উন্নয়নের নামে বিগত সরকার শুধু খরচই করেছে উল্লেখ করে শেখ রবিউল আলম আরও বলেন, বিগত সরকার রেলের প্রায় এক লাখ কোটি টাকার বেশি উন্নয়ন কাজ করেছে। তবে আসলে রেলের কোনো উন্নয়ন হয়নি, সবই কাগজে-কলমে। উল্টো রেলের ইঞ্জিন কম, রেল চলে না, ভেঙে যায়।