মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। আজ ইরানের সেনাবাহিনী এমন দাবি করেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়া এমন খবর প্রকাশ করেছে। তাদের দাবি, কোস্টাল ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। প্রেস টিভিতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, সশস্ত্র বাহিনী মার্কিন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইউএসএস অ্যাব্রাহাম লিংকনের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রাষ্ট্রায়ত্ত ইরনা সংবাদ সংস্থা নৌবাহিনী কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, এই অপারেশন পরিচালিত হয়েছে।
ইরনার তথ্যানুযায়ী, ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, শত্রুপক্ষের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার অ্যাব্রাহাম লিংকনের চলাচল নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এটি ইরানের ক্ষেপণাস্ত্রের সীমায় প্রবেশ করলে লক্ষ্যবস্তু হিসেবে আঘাত করা হবে।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, কোস্টাল লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন ক্যারিয়ার গ্রুপের দিকে প্রক্ষেপণ করা হয়েছে। যার ফলে ক্যারিয়ারকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ২৬তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে সারাবিশ্বে জ্বালানির বাজারে চরম অস্থিরতা শুরু হয়েছে।