মাইকেল জ্যাকসনের বায়োপিকে থাকতে রাজি হননি জ্যানেট

মাইকেল জ্যাকসনের বায়োপিক সিনেমায় থাকছে না তার বোন ও পপ তারকা জ্যানেট জ্যাকসনের চরিত্র। প্রস্তাব পেয়েও এই সিনেমায় নিজের চরিত্র রাখতে রাজি হননি তিনি।
মাইকেল জ্যাকসনের আরেক বোন লা টয়া জ্যাকসন ভ্যারাইটি ম্যাগাজিনকে জানিয়েছেন, সুযোগ থাকা সত্ত্বেও জ্যানেট সিনেমায় হাজির হননি।
লা টয়া বলেন, ‘আমি চাইছিলাম সবাই যেন সিনেমায় থাকে। তাকেও (জ্যানেট) অনুরোধ করা হয়েছিল এবং সে বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে। তার ইচ্ছাকে আমাদের সম্মান জানানো উচিত।’
জ্যাকসন পরিবারের অনেক সদস্যকেই সিনেমায় দেখানো হয়েছে। মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। গায়কের বাবা-মা জো ও ক্যাথেরিন জ্যাকসনের ভূমিকায় রয়েছেন কোলম্যান ডমিঙ্গো এবং নায়া লং।
লা টয়ার ভূমিকায় অভিনয় করছেন জেসিকা সুলা। এছাড়া মাইকেলের চার ভাই ও জ্যাকসন ফাইভের সদস্য জ্যাকি, জারমেইন, টিটো ও মারলনের চরিত্রও সিনেমায় তুলে ধরা হবে।
সিনেমাটির পরিচালক অ্যান্টোয়ান ফুকোয়া ভ্যারাইটিকে জানিয়েছেন, মাইকেলের পরিবারের সদস্যদের পর্দায় তুলে ধরা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
ফুকোয়া বলেন, ‘আপনি যখন কারও জীবনের গল্প বলছেন, তখন আপনাকে নিশ্চিত করতে হবে তারা সন্তুষ্ট আছেন। জ্যানেটকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি ও ভালোবাসি। যে কারণে আমি তার সিদ্ধান্ত মেনে নিয়েছি। উনি জাফারকে সমর্থন করছেন আর সেটাই গুরুত্বপূর্ণ।’
জ্যাকসন পরিবারের কনিষ্ঠতম সদস্য জ্যানেট ১৯৮০-এর দশকের শুরুতে ‘ডিফরেন্ট স্ট্রোকস’ ও ‘ফেইম’ সিরিজের মাধ্যমে টিন তারকা হিসেবে পরিচিতি পান। ১৯৮২ সালে তার স্বনামধন্য অ্যালবাম দিয়ে পপ দুনিয়ায় অভিষেক হয়। এর দুই বছর পর প্রকাশিত হয় ‘ড্রিম স্ট্রিট’। ১৯৮৬ সালের সুপারহিট অ্যালবাম ‘কন্ট্রোল’ তাকে শীর্ষ সারির নারী পপ তারকায় পরিণত করে।
১৯৯৪ সালে মাইকেল জ্যাকসনের সঙ্গে যৌথভাবে ‘স্ক্রিম’ গানটি রেকর্ড করেন জ্যানেট।