ভয়াবহ তুষারঝড়ে নিউ ইয়র্ক সিটিতে ঝুঁকিতে ৫ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারঝড় আঘাত হানতে শুরু করেছে। এর ফলে প্রায় ৫ কোটি ৯০ লাখ মানুষ আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছে। ঝড়ের কারণে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়্যার, নিউ জার্সি এবং রোড আইল্যান্ডসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তুষারঝড়ের কারণে বেশ কিছু রাজ্য যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রবিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল এবং কানাডার মেরিটাইম অঞ্চলের একটি বড় অংশ এই ঝড়ের কবলে থাকবে। ধারণা করা হচ্ছে, এটি গত এক দশকের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ‘নর’ইস্টার’ ঝড় হতে যাচ্ছে, যা প্রচুর তুষারপাত, তীব্র বাতাস এবং উপকূলীয় বন্যার কারণ হবে।

পাওয়ারআউটলেজ ডট ইউএস-এর তথ্যমতে, নিউ জার্সিতে ইতোমধ্যেই ২০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ভার্জিনিয়া, ডেলাওয়্যার এবং ম্যারিল্যান্ডেও হাজার হাজার মানুষ অন্ধকারে রয়েছে। এছাড়া প্রায় ৩ হাজার ৯০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।