বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে ভারত সমর্থিত বলে অভিযুক্ত ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ১৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানের সময় প্রাণ হারিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর ২২ সদস্য। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৯ জনে। নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ জানায়, সম্প্রতি প্রদেশজুড়ে সমন্বিত সন্ত্রাসী হামলার পর এই অভিযান শুরু করা হয়। বেলুচিস্তানের অন্তত ১২টি শহরে একযোগে হামলা চালানো হলে পরিস্থিতি কার্যত অচল হয়ে পড়ে। দেশ রক্ষা ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে গত তিন দিনে ২২ জন সেনা শহীদ হন। এর আগে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) প্রদেশটির বিভিন্ন স্থানে প্রায় এক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এসব হামলায় ১৭ জন নিরাপত্তা সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন। সাম্প্রতিক বছরগুলোতে বিএলএ তাদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষ করে বেলুচিস্তানে কাজ করতে আসা অন্য প্রদেশের পাকিস্তানি নাগরিক এবং বিদেশি জ্বালানি কোম্পানির স্থাপনাগুলো তাদের হামলার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। এর আগেও বড় ধরনের সহিংসতার নজির রয়েছে। গত বছর বিচ্ছিন্নতাবাদীরা প্রায় ৪৫০ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালায়, যা টানা দুই দিনের রক্তক্ষয়ী অবরোধে পরিণত হয়।