বিশ্ব ক্রিকেটে সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন কানাডার যুবরাজ

বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন কানাডার তরুণ ব্যাটার যুবরাজ সামরা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে নাম লেখালেন ১৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ৬৫ বলে ১১০ রানের ঝড়ো ইনিংস খেলেন সামরা। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা। মাত্র ৫৮ বলেই পূর্ণ করেন শতক। টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই ফরম্যাট মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি তৃতীয় সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হলেও, পূর্ণ সদস্য দেশের বিপক্ষে শতক হাঁকানো প্রথম কনিষ্ঠ ব্যাটার হিসেবে গড়েছেন অনন্য নজির। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো সহযোগী দেশের ব্যাটারের এটিই প্রথম সেঞ্চুরি।