বারঘরিয়ায় মাদকের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন

সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। আজ বাদ জুমা বারঘরিয়া কাজীপাড়া জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।
বক্তারা বলেন, কাজীপাড়ার মানুষ মাদক ব্যবসায়ী চক্রের অত্যাচারে অতিষ্ঠ। বাইরে থেকে বখাটে মাদকসেবীরা এসে গাঁজা, ইয়াবা, হেরোইন গ্রহণ করছে প্রকাশ্যে। এতে এলাকার তরুণ যুবকরা জড়িয়ে পড়ছে। মাদকের এই কারবার বন্ধ করতে পুলিশের অভিযানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা ছেকে রক্ষা করতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, কাজীপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সবুজ ইসলাম বাবু, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুস সাত্তার, গ্রাম্য চিকিৎসক ডা. মহিদুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব আব্দুল মাজেদ, প্রবাসী শরিফুল ইসলামসহ অন্যরা। মানববন্ধনে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক, ইমাম, মুসল্লী ও কাজীপাড়া গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।