প্রায়ই বাইকে তেল নেওয়ার পরই আগুন লাগছে, সতর্ক হবেন যেভাবে
তেল নেওয়ার পরই অনেক ক্ষেত্রে বাইক স্টার্ট দিতে গিয়ে আগুন ধরে যাচ্ছে। জ্বালানি সংকট বা মূল্যবৃদ্ধির সময় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া এখন অনেকের দৈনন্দিন অভিজ্ঞতা। তবে উদ্বেগজনকভাবে দেখা যাচ্ছে, তেল নেওয়ার পরই অনেক ক্ষেত্রে বাইক স্টার্ট দিতে গিয়ে আগুন ধরে যাচ্ছে। এই ধরনের দুর্ঘটনা শুধু বাইকের ক্ষতি নয়, চালকের জীবনও ঝুঁকিতে ফেলে। তাই এর কারণ ও প্রতিরোধের উপায় জানা জরুরি।
কেন তেল নেওয়ার পর আগুন লাগে?
জ্বালানি বাষ্পের ঝুঁকি : পেট্রোল অত্যন্ত দাহ্য পদার্থ। তেল নেওয়ার সময় বা তার পরপরই বাইকের চারপাশে পেট্রোলের বাষ্প ছড়িয়ে থাকে। এই বাষ্প খুব সহজেই আগুন ধরে ফেলতে পারে।
স্টার্ট দেওয়ার সময় স্পার্ক : বাইক স্টার্ট দেওয়ার সময় ইঞ্জিনে ইলেকট্রিক স্পার্ক তৈরি হয় এটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আশপাশে যদি পেট্রোলের বাষ্প থাকে, তাহলে এই ছোট স্পার্ক থেকেই আগুন লেগে যেতে পারে। তাই বিষয়টি একেবারেই অমূলক নয়, বাস্তব ঝুঁকি।
তেল ছিটকে পড়া বা লিকেজ: অনেক সময় তেল নেওয়ার সময় ট্যাংক থেকে তেল ছিটকে পড়ে বা ঢাকনা ঠিকমতো লাগানো হয় না। এই তেল গরম ইঞ্জিন বা এক্সস্ট পাইপের সংস্পর্শে এলে আগুন ধরতে পারে।
অতিরিক্ত তেল ভরা :ট্যাংক পুরোপুরি ভরে ফেললে তেল উপচে পড়ে বাইকের গায়ে বা মাটিতে পড়ে যেতে পারে, যা পরে আগুনের কারণ হয়।
ইঞ্জিন গরম থাকা : দীর্ঘ সময় চালানোর পর কিংবা রোদে দীর্ঘসময় থাকার ফলে ইঞ্জিন গরম থাকে। সেই অবস্থায় তেল নিলে তেলের বাষ্প দ্রুত তৈরি হয় এবং আগুন লাগার ঝুঁকি বাড়ে।