প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে বাংলাদেশ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে হতাশাজনক প্রথমার্ধ কাটিয়েছে বাংলাদেশ। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বিরতির আগেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে জামাল ভূঁইয়ার দল। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। অষ্টম মিনিটে কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ডিফেন্ডার জায়ান আহমেদ, ফলে এগিয়ে যায় স্বাগতিক ভিয়েতনাম। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্যাম চুন মান। কর্নার থেকে আসা বল হেডে জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।
৩৮ মিনিটে তৃতীয় গোলটি করেন নগুয়াইন হাই লং। দূর থেকে নেওয়া নিখুঁত শটে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ৩-০ করেন এই মিডফিল্ডার।
প্রথমার্ধে ভিয়েতনামের আক্রমণের মুখে একাধিকবার রক্ষণ সামাল দিলেও শেষ পর্যন্ত তিন গোল হজম করতে হয় বাংলাদেশকে। ফিফা র্যাঙ্কিংয়ে ১০৩ নম্বরে থাকা ভিয়েতনাম ১৮১ নম্বরে থাকা বাংলাদেশের চেয়ে শক্তিশালী দল হিসেবেই মাঠে নিজেদের প্রমাণ করছে।
উল্লেখ্য, দুই দলের মুখোমুখি লড়াইয়ে ভিয়েতনামই এগিয়ে। এর আগে তিন দেখায় একটি জিতেছে তারা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।