পিএসএলের ফাইনাল খেলতে দেশ ছাড়লেন নাহিদ রানা
প্রথম দফায় চলতি মাসের ১৪ তারিখ পিএসএল খেলে দেশে ফিরেছিলেন নাহিদ রানা। পরে সিদ্ধান্ত হয়েছিল, পাকিস্তান সুপার লিগের বাকি অংশের জন্য আর এনওসি দেবে না বিসিবি। তবে তরুণ এই পেসারকে আবারও পিএসএল ফাইনাল খেলার জন্য এনওসি দিয়েছে বিসিবি। নিজ দল পেশোয়ার জালমির হয় ফাইনাল খেলতে আজ দুপুরে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন নাহিদ। ফাইনাল শেষে আগামী ৩ মে ফিরে আসবেন দেশে। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদকে।
টাইগার পেসারকে পিএসএল ফাইনাল ম্যাচের জন্য এনওসি দেওয়ার কারণ খোলাসায় বিসিবি জানায়, ‘এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করে, যা নাহিদ রানার ধারাবাহিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ হলো, দলের ম্যানেজমেন্ট ও বিসিবির মেডিকেল টিম তাকে ছাড়পত্র দিয়েছে এবং নিশ্চিত করেছে যে, এই ম্যাচে অংশ নেওয়া তার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিংবা জাতীয় দলের হয়ে খেলার প্রাপ্যতায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।’ নাহিদকে ফাইনালের এনওসি দেওয়ায় ইতোমধ্যে বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন পেশোয়ারের মালিক।