পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির জয়

এ রকম আবহাওয়ায় শ্রীলঙ্কা যে ক্রিকেটের জন্য আদর্শ নয়—এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন নিউজিল্যান্ড নারী দলের সাবেক অধিনায়ক সোফি ডিভাইন। গত বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে যে ১০ ম্যাচ বৃষ্টির কবলে পড়েছিল, তার মধ্যে সাতটিরই ভেন্যু ছিল শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কায় এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও বৃষ্টি জেঁকে বসেছে। আসরের গ্রুপ পর্বে একমাত্র যে ম্যাচটি (জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড) বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল, সেটির ভেন্যু ছিল শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম। আজ সুপার এইট পর্বের প্রথম ম্যাচটাও জিতে নিল বৃষ্টি। রিজার্ভ ডে না থাকায় পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো পাকিস্তান ও নিউজিল্যান্ডকে। এবার ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও অবিরাম বর্ষণে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।