নোবেল শান্তি পুরস্কারে ২৮৭ মনোনয়ন, সম্ভাবনায় ট্রাম্প!
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭ জন প্রার্থী বিবেচনায় আছেন বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এ তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকার সম্ভাবনাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নোবেল কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানান, ৩১ জানুয়ারির মধ্যে জমা পড়া মনোনয়নের মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি প্রতিষ্ঠান রয়েছে। আগের বছরের তুলনায় এবার তালিকায় নতুন নামের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রতি বছর তালিকায় নতুনত্ব আসার বিষয়টি তাকে অবাক করে বলে জানান ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়া হার্পভিকেন। বিশ্বজুড়ে সংঘাতের বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা চাপের মুখে থাকলেও শান্তিতে নোবেল পুরস্কারের গুরুত্ব এখনও অর্থবহ বলেই মনে করেন তিনি। হার্পভিকেন বলেন, ‘আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে শান্তি পুরস্কার আরও বেশি গুরুত্বপূর্ণ।
ট্রাম্পের মনোনয়ন
পাকিস্থান, ইসরায়েল ও কম্বোডিয়ার নেতারা জানিয়েছেন, তারা এ বছরের শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে মনোনীত করেছেন। যদি এসব মনোনয়ন ২০২৫ সালের নির্ধারিত সময়সীমা ৩১ জানুয়ারি মধ্যে জমা পড়ে থাকে, তবে সেগুলো বৈধ হিসেবে বিবেচিত হবে। যেহেতু পুরো মনোনয়ন তালিকা ৫০ বছর গোপন রাখা হয়। ফলে ট্রাম্প সত্যিই তালিকায় আছেন কি-না তা যাচাই করা সম্ভব নয়। কমিটির পক্ষ থেকেও এ বিষয়ে কোনো নিশ্চিয়তা দেওয়া হয়নি। কাউকে মনোনীত করার মানেই যে পুরস্কার প্রদানকারী সংস্থার অনুমোদন পাওয়া তা নয়। নোবেল কমিটির সদস্যরা ছাড়াও বিশ্বের অনেকেই এই পুরস্কারের জন্য যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নাম প্রস্তাব করতে পারেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের সরকার ও সংসদের সদস্য, রাষ্ট্রপ্রধান, ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও দর্শনের বিশ্ববিদ্যালয় অধ্যাপক, পূর্ববর্তী নোবেল বিজয়ীরা।
সম্ভাব্য প্রার্থীদের তালিকা
২০২৬ সালের সম্ভাব্য মনোনীতদের তালিকায় রয়েছেন- রাশিয়ার বিরোধীনেতা আলেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া, পোপ লিও, সুদানের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’, মার্কিন সিনেটর লিসা মারকাওস্কি, গ্রিনল্যান্ড থেকে ডেনিশ পার্লামেন্ট সদস্য আজা কেমনিটজ। বিশেষ করে আর্কটিক অঞ্চলে শান্তিপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে তাদের ভূমিকা উল্লেখযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে ৯ অক্টোবর। আনুষ্ঠানিকভাবে ১০ ডিসেম্বর অসলোতে পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে।