নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না : এমবাপ্পে

আসন্ন ফিফা ওয়াল্ড কাপকে সামনে রেখে ব্রাজিল দলে নেইমার জুনিয়র থাকবেন কি না। এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই ইস্যুতে মন্তব্য করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স অধিনায়ক জানিয়েছেন, নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করাই কঠিন। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তকেও তিনি সম্মান করেন।

ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, নেইমার এমন একজন খেলোয়াড় যিনি যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সাবেক সতীর্থ হিসেবে তার প্রতি আস্থা রেখেই তিনি বলেন, ফিট থাকলে নেইমার অবশ্যই মাঠে নামবেন।

বর্তমানে রিয়াল মাদ্রিদের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রকেও প্রশংসায় ভাসিয়েছেন এমবাপে। তার মতে, ক্লাবের পারফরম্যান্স জাতীয় দলেও ধরে রাখতে পারলে ব্রাজিল আরও শক্তিশালী হয়ে উঠবে।

নেইমার প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপ তারকাদের মঞ্চ, আর নেইমার সর্বকালের সেরাদের একজন।’ তবে একইসঙ্গে আনচেলত্তির ‘শতভাগ ফিট’ নীতির প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি।

এদিকে ব্রাজিল ও ফ্রান্স আজ দিবাগত রাতে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচটিকে ২০২৬ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন এমবাপ্পে।

ব্রাজিলকে নিয়ে ফরাসি এই তারকা বলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কেউই ফেভারিট নয়। তাই জয়ের চেয়ে নিজেদের সেরা খেলাটা খেলাই তাদের মূল লক্ষ্য।