নির্বাচনে নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মহড়া অনুষ্ঠিত হয়। ‎মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা অংশ নেন। মহড়াকালে সন্দেহভাজন তল্লাশি, চেকপোস্ট স্থাপন, তাৎক্ষণিক অভিযান এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয়। ‎নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন করা হয়।