নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

নাচোল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ ভোর সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর ও ভাদ্রৈ এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাচোল উপজেলার আজিপুর গ্রামের সোহাগ হোসেন এবং শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গী গ্রামের রবিউল ইসলাম। তারা সম্পর্কে দুলাভাই-শ্যালক। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মোটরসাইকেলে করে ভোলামোড় এলাকা থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন। পথে একটি নাইট কোচকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। জানা গেছে, নিহত রবিউল ইসলাম মোটরসাইকেল চালাচ্ছিলেন। তিনি নওগাঁ জেলায় কর্মরত ছিলেন এবং শ্বশুরবাড়ি থেকে শ্যালককে নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ বিষয়ে নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।