নাচোলে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৬২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উচ্চফলনশীল বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিতরণের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছা. সুলতানা রাজিয়া। এসময় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট ও আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি অফিসের তথ্যানুযায়ী, বিভিন্ন ফসল ভেদে বিতরণের মাত্রা ছিল— কৃষক প্রতি ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার; ১ কেজি পাট বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার; ৫ কেজি মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার; ১ কেজি তিলবীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার। উদ্বোধনী অনুষ্ঠানে সুলতানা রাজিয়া বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির ফলে কৃষকরা সঠিক সময়ে উন্নতমানের বীজ ও সার হাতে পাচ্ছেন। বিশেষ করে আউশ এবং গ্রীষ্মকালীন ফসলের আবাদ বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই প্রণোদনার মূল লক্ষ্য। এয়ার ফ্লো মেশিনের ব্যবহার ও উফশী জাতের আবাদ সম্প্রসারণের মাধ্যমে হেক্টরপ্রতি ফলন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলামসহ কৃষি কর্মকর্তারা। বিতরণ শেষে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পরামর্শ দেয়া হয়। বিনামূল্যে এই কৃষি উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় প্রান্তিক কৃষকরা। তারা জানান, সঠিক সময়ে এই সহায়তা পাওয়ায় তারা আবাদি জমি ফেলে না রেখে অর্থকরী ফসল উৎপাদনে অধিক আগ্রহী হবেন।