নতুন ঘরে জয়হীন মেসি
নতুন স্টেডিয়ামে এখনও জয়ের দেখা মিলছে না লিওনেল মেসি ও তার দল ইন্টার মায়ামির। স্থানীয় সময় শনিবার রাতে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে টানা তৃতীয় ম্যাচেও জয়হীন থাকল বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়নরা। ম্যাচের ৭৬ মিনিটে জার্মান বেরতেরামের গোলে সমতায় ফেরে মায়ামি। এর আগে ৫৬ মিনিটে কার্লেস গিলের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড রেভল্যুশন। ফলে নতুন স্টেডিয়ামে ইন্টার মায়ামির রেকর্ড দাঁড়াল ০-০-৩। যেখানে অ্যাওয়ে ম্যাচে তাদের পারফরম্যান্স বেশ শক্তিশালী ৫ জয়, ১ ড্র ও ১ হার। ম্যাচের শুরুটা ছিল বেশ সতর্ক। প্রথমার্ধে দু’দলই গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়, যদিও সুযোগের অভাব ছিল না। ৩৮ মিনিটে দুই ডিফেন্ডারের মাঝখান থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলের চেষ্টা করেন মেসি। কিন্তু তার শট লক্ষ্যে ছিল না। এছাড়া কর্নার থেকে সরাসরি গোলের চেষ্টাসহ আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নার সেগুলো সহজেই সামলে নেন। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বাড়ে। ৫৬ মিনিটে উইল স্যান্ডসের লম্বা থ্রো-ইন থেকে তৈরি সুযোগে ডর টার্গেম্যান বল ছেড়ে দিলে গিল এগিয়ে এসে নিখুঁত চিপ শটে গোল করে দলকে লিড এনে দেন। এর ঠিক আগে তাদেও আলেন্দের শট অফসাইডের কারণে বাতিল হওয়ায় হতাশ হয়েছিল মায়ামি। তবে প্রায় ২০ মিনিট পর ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা।
লুইস সুয়ারেজ কাছ থেকে শট নিলে টার্নার তা ঠেকালেও বল তার হাত ছুঁয়ে বেরতেরামের সামনে চলে আসে। আর তিনি সহজেই জালে পাঠিয়ে সমতা ফেরান। এই ড্রয়ের ফলে ইন্টার মায়ামি এখন টানা ৯ ম্যাচে অপরাজিত (৫ জয়, ৪ ড্র), আর সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের অপরাজিত থাকার ধারাবাহিকতা বেড়ে দাঁড়িয়েছে ১১ ম্যাচে (৫ জয়, ৬ ড্র)। মৌসুমের শুরুতে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে হারের পর থেকে তারা আর হারেনি। তবে নতুন স্টেডিয়ামে জয়হীনতা কিছুটা ভাবাচ্ছে দলটিকে। বিশেষ করে গত কয়েক মৌসুমে নিউ ইংল্যান্ডের বিপক্ষে আধিপত্য দেখানো মায়ামি-২০২৩ সালের পর থেকে চার ম্যাচে ১৬-৫ ব্যবধানে জিতেছিল। এই ম্যাচেও জয় তুলে নিতে পারেনি। বিশ্বকাপের জন্য এমএলএসে ৭ সপ্তাহের বিরতির আগে মায়ামির সামনে আছে আরও ৫টি ম্যাচ। অরল্যান্ডো, টরন্টো, সিনসিনাটি, পোর্টল্যান্ড ও ফিলাডেলফিয়ার বিপক্ষে। এই পাঁচ প্রতিপক্ষের কেউই এখন পর্যন্ত জয়ের ধারায় নেই। ফলে সামনে ঘুরে দাঁড়ানোর ভালো সুযোগই পাচ্ছে মেসির দল।