নওগাঁয় যাত্রীবাহী বাসে সাড়ে ৬ কোটি টাকার ক্রিষ্টাল মেথ আইস জব্দ

নওগাঁ সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ১ কেজি ৩০০ গ্রাম ‘ক্রিষ্টাল মেথ আইস’ মাদকদ্রব্য জব্দ হয়েছে। বিজিবি জানায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে সমন্বিত টাস্কফোর্সের একটি দল অভিযান চালায়। এসময় সাহাপুর এলাকায় সন্দেহভাজন বাসটি দাঁড় করিয়ে তল্লাশী করলে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৩০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস মাদকদ্রব্য জব্দ হয়। অভিযানে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার ও সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে সঙ্গে ছিলেন, নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট প্রশান্ত কুমার এবং নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সমন্বয়ে গঠিত একটি টাস্কফোস। গতকাল রাতে ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৬ বিজিবির প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় জব্দ ওই মাদকদ্রব্য নওগাঁ সদর মডেল থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীণ। তিনি আরও জানান, দায়িত্পূর্ণ নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এবং প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলমান রাখবে ১৬ বিজিবি।