ধর্মীয় নেতাদের অংশগ্রহণে শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ‘শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলার জন্য বিশেষ কৌশল হিসেবে ধর্মীয় নেতাদের মতামত ও প্রশিক্ষণ প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গোবরাতলা ইউনিয়ন পরিষদে জামিয়া আলী আকবর মাদ্রাসার প্রধান শিক্ষক আমীর হামজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুজ্জামান। এতে আলোচক ছিলেন গোবরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু, প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ঝঝইঈ প্রকল্পের ফেসিলেটেটর তোহরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় ইমাম, কাজী, মাওলানা, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালাটি আয়োজন করেন স্ট্রেদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন শিশুদের মারা বা নির্যাতন করা যাবে না এবং তাদের সাথে কটু কথা বলা যাবে না। এছাড়া তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিশুদের অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে। বক্তারা শিশুদের প্রতি সহিংসতার কারণ, প্রতিরোধ কৌশল, অভিভাবকদের সচেতনতা এবং কমিউনিটি পর্যায়ে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এসময় বাল্যবিয়ে প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকার প্রতি জোর দেন অতিথিরা।