দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। আজ বিকেল ৪টা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। তাকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর তারেক রহমান শপথ গ্রহণের দুই নথিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণ করার পর শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
তাদেরও শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করেন। এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন। এর আগে জয়লাভ করা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এছাড়া ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়। যাদের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।