দেশজুড়ে ১৩৩ সিনেমা হলে চলছে ‘প্রিন্স’

ঢাকাই চলচ্চিত্রের দর্শকদের কাছে ঈদ মানেই রূপালি পর্দায় শাকিব খানের নতুন চমক। চিরচেনা সেই আমেজ নিয়ে এবারের ঈদুল ফিতরে দেশজুড়ে মুক্তি পেয়েছে মেগা সুপারস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে উন্মাদনা তুঙ্গে। পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মিত এই ছবিটি দেশের মোট ১৩৩টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন। নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপানো আলোচিত নাম কালা জাহাঙ্গীর। সেই কুখ্যাত গ্যাংস্টারের জীবনের ছায়া অবলম্বনেই তৈরি হয়েছে ‘প্রিন্স’-এর মূল গল্প। শাকিব খান তার পোস্টে লেখেন, ‘পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে উৎসবের এই মহাআনন্দে ‘প্রিন্স’ দেখুন। দেশজুড়ে ১৩৩টি সিনেমা হলে একযোগে মহাসমারোহে চলছে। শুধু সংখ্যা নয়, এ তো তুখোড় চাহিদা। আধিপত্য? না এটা তো আমাদের অভ্যেস।’ মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে শাকিব খান এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে ধরা হচ্ছে। এটি কেবল মারকাটারি অ্যাকশন সিনেমা নয়, বরং তৎকালীন ঢাকার রাজনীতি ও অপরাধ জগতের এক গভীর আখ্যান।
শিরিন সুলতানা প্রযোজিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবার দেখা যাচ্ছে তসনিয়া ফারিণকে। সেই সঙ্গে ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডু যোগ করেছেন ভিন্ন মাত্রা। এ ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু এবং ড. এজাজের মতো শক্তিশালী অভিনেতারা।
এবারের ঈদে ‘প্রিন্স’ ছাড়াও মুক্তি পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। তবে হল সংখ্যা এবং অগ্রিম টিকিট বিক্রির দৌড়ে এখন পর্যন্ত সবার চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে শাকিবের ‘প্রিন্স’।