দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা তরুণ ক্রিকেটারের

খেলাধুলায় সফলতা ও ব্যর্থতা দুটোই থাকে। তবে এর মানে এই নয় যে, থেমে যেতে হবে। নিজের ক্ষতি করতে হবে। কিন্তু আবেগের বশীভূত হয়ে অনেকেই এমন ভুল করে থাকেন। তেমনই ভুল করেছেন ভারতের ১৯ বছর বয়সী এক উদীয়মান নারী ক্রিকেটার। পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের ট্রায়ালে সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছেন তিনি। আত্মহত্যাকারী সেই নারীও ক্রিকেটারের নাম অ্যাঞ্জেল গ্যাংওয়ানি। তিনি জিএসটি সুপারিনটেনডেন্ট কাশ্মীর কুমারের মেয়ে। গেল দুই বছর ধরে অ্যাঞ্জেল পুদুচেরিতে ক্রিকেটের অনুশীলন করে যাচ্ছিলেন এবং একটি বেসরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষে পড়তেন। পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি থুথিপেটে আয়োজিত পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের বাছাই পর্বে অংশ নিয়েছিলেন অ্যাঞ্জেল। তবে গত বুধবার প্রকাশিত চূড়ান্ত দলে নিজের নাম না থাকায় তিনি ভীষণভাবে মানসিক চাপে পড়েন। সেদিন রাত প্রায় ৮টার দিকে অনুশীলন শেষে বাড়ি ফিরে নিজের কক্ষে চলে যান তিনি। রাত বাড়লেও তার কোনো সাড়া না পেয়ে কোচ ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে সন্দেহ হলে তিনি সরাসরি অ্যাঞ্জেলের বাসায় যান। সেখানে গিয়ে দেখেন, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন অ্যাঞ্জেল। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।