দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণনের বাসায় বোমা হামলার হুমকি!

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনের চেন্নাইয়ের বাসায় বোমা রাখার হুমকিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে সিটি কন্ট্রোল রুমে পাঠানো একটি ইমেইলে দাবি করা হয়, তেয়নামপেট এলাকায় অবস্থিত এই অভিনেত্রীর বাসভবনে বিস্ফোরক রাখা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়। তবে কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে পুলিশ নিশ্চিত করে, এটি ছিল একটি ভুয়া হুমকি।তদন্তে জানা গেছে, একই ইমেইল আইডি ব্যবহার করে এর আগে রজনীকান্ত ও ধানুশের বাসাতেও অনুরূপ হুমকি পাঠানো হয়েছিল। ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ভিপিএনসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে পরিচয় গোপন রেখে এমন ইমেইল পাঠানো হওয়ায় প্রেরককে শনাক্ত করা কঠিন হলেও চেষ্টা চলছে। উল্লেখ্য, এর আগেও একই ধরনের ভুয়া হুমকির মুখে পড়েছিলেন তৃষা। সাম্প্রতিক সময়ে তারকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে এমন ভুয়া হুমকি বাড়ায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে কর্তৃপক্ষ।এদিকে কাজের ক্ষেত্রে ব্যস্ত সময় পার করছেন তৃষা কৃষ্ণন। সামনে তাকে দেখা যাবে ‘বিশ্বম্ভরা’ সিনেমায় চিরঞ্জীবী-র সঙ্গে এবং ‘কারুপু’ সিনেমায় সূর্য-র বিপরীতে।