ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৭৬ জন হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন রোগী। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন। সোমবার সিভিল সার্জন অফিসের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে জেলা হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়েছে, পূর্বে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৫৩ জন এবং নতুন করে ৫৫ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৫৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি আছেন ৫০ জন রোগী।