টি-টোয়েন্টিতে ৬০০ ছক্কা হাঁকানোর মাইলফলকে বাটলার
অনেক দিন ধরে নিজের ছায়া হয়ে থাকা জস বাটলার অবশেষে ব্যাট হাতে স্বরূপে ফিরলেন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ঝড়ো ফিফটি করার পথে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন ইংলিশ ব্যাটসম্যান।আইপিএলের ১৯তম আসরে ৮ এপ্রিল গুজরাট টাইটান্সের তৃতীয় ম্যাচে ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন বাটলার। পাঁচ ছক্কা ও তিন চারে গড়া তার ইনিংসটি। দিল্লিতে এদিন ওয়েস্ট ইন্ডিজের বাইরে প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ বা এর বেশি ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছেন তিনি। ৪৯৬ ম্যাচে তার ছক্কা এখন ঠিক ৬০০টি।
ওয়েস্ট ইন্ডিজের চার ক্রিকেটার পেয়েছেন এই স্বাদ। ৪৪৪ ম্যাচে ৭১২ ছক্কা নিয়ে তালিকার চার নম্বরে আছেন নিকোলাস পুরান। ৫৯০ ম্যাচে ৭৮৪ ছক্কা নিয়ে তিনে আন্দ্রে রাসেল। তার ওপরে কাইরন পোলার্ডের ছক্কা ৭৩৫ ম্যাচে ৯৮২টি। টি-টোয়েন্টির অনেক রেকর্ডের মতো এখানেও চূড়ায় ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। এক হাজার ৫৬টি ছক্কা মেরেছেন তিনি ৪৬৩ ম্যাচ খেলেই।
গুজরাট টাইটান্সের তৃতীয় ম্যাচে তৃতীয় ওভারে সাই সুদার্শানের বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন বাটলার। প্রথম তিন বলে তিনি কোনো রান নিতে পারেননি। চতুর্থ বলে মুকেশ কুমারকে ছক্কায় উড়িয়ে ডানা মেলেন তিনি। চতুর্থ ওভারে তিনি পরপর চার ও ছক্কা মারেন আকসার প্যাটেলকে। পঞ্চম ওভারে ঝড় বইয়ে দেন মুকেশের ওপর। প্রথম পাঁচ বলে মারেন তিনটি ছক্কা ও একটি চার।
ফিফটি পূর্ণ করেন তিনি ২৪ বলে। স্পিনার কুলদিপ ইয়াদাভের বলের লাইন মিস করে বোল্ড হন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থ হওয়া বাটলার ২০ ওভারের ক্রিকেটে ফিফটির দেখা পেলেন ১৬ ইনিংস পর। এই সংস্করণে চলতি বছর ১৯ ইনিংসে তার কেবল দ্বিতীয় ফিফটি এটি।
এবারের আইপিএলে প্রথম দুই ম্যাচে তিনি করেছিলেন ৩৮ ও ২৬ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক থেকে আর ৩৯ রান দূরে আছেন বাটলার। এখন পর্যন্ত এই স্বাদ পেয়েছেন ডেভিড ওয়ার্নার, আলেক্স হেলস, পোলার্ড ও গেইল।