টাইগারদের স্পিন চ্যালেঞ্জে প্রস্তুত নিউজিল্যান্ড, আত্মবিশ্বাসী কিউই অধিনায়ক

বাংলাদেশ সফরকে সামনে রেখে স্পিনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিয়েই আসছে নিউজিল্যান্ড দল। অধিনায়ক টম ল্যাথাম মনে করছেন, উপমহাদেশের কন্ডিশনে তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষাই হবে স্পিন সামলানো, তবে সে চ্যালেঞ্জ নেওয়ার মতো প্রস্তুতি ও আত্মবিশ্বাস দলটির রয়েছে।তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি কুড়ি ওভারের ম্যাচ খেলতে ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে নিউজিল্যান্ড। দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমে ল্যাথাম বলেন, বাংলাদেশে গরম আবহাওয়া একটি চ্যালেঞ্জ হলেও তার দৃষ্টি বেশি ক্রিকেটীয় দিকেই, বিশেষ করে স্পিন বোলিং মোকাবিলায়। ল্যাথামের নেতৃত্বে এবার তুলনামূলক অনভিজ্ঞ একটি দল এসেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগের ব্যস্ততা, পাশাপাশি চোট ও বিশ্রামের কারণে মূল দলের অনেক ক্রিকেটার অনুপস্থিত। ফলে নতুন ও কম অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে এই স্কোয়াড।

তবে অধিনায়ক মনে করিয়ে দেন, দলের সদস্যরা অনভিজ্ঞ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন নন। তার মতে, এই সফর তরুণদের জন্য বড় সুযোগ, যা ভবিষ্যতে দলের গভীরতা বাড়াতে সহায়ক হবে। গত বছর নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করা কয়েকজন ক্রিকেটারও রয়েছেন এই দলে, যা কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সহায়তা করতে পারে। বাংলাদেশের উইকেট নিয়ে ল্যাথাম বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ম্যাচে পিচ স্পিন সহায়ক না হলেও ঐতিহাসিকভাবে এখানে স্পিন বড় ভূমিকা রাখে। তাই সেই দিকেই বেশি গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছে তার দল।

স্পিন মোকাবিলায় দলের বড় ভরসাও ল্যাথাম নিজেই। ১৬০টির বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা এই অভিজ্ঞ ব্যাটসম্যান জানান, কঠিন কন্ডিশনে নিজের অভিজ্ঞতার ওপর নির্ভর করেই এগোতে চান তিনি। একই সঙ্গে দলের অন্যদেরও দ্রুত মানিয়ে নেওয়ার ওপর জোর দেন। ল্যাথাম আশাবাদী, প্রায় তিন সপ্তাহের এই সফরে একদিনের আন্তর্জাতিক ও কুড়ি ওভারের দুই ধরনেই দল উন্নতির সুযোগ পাবে এবং এটি একটি রোমাঞ্চকর সিরিজ হতে যাচ্ছে। নিউজিল্যান্ড ওডিআই দল: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোক, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং। নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।