জেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নানা কর্মসূচি

আগামীকাল ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে— আজ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়/গ্রীনভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয়/বাংলাদেশ শিশু একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ এ শিশুদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
একুশের প্রথম প্রহরে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে।
জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব-স্ব কর্মসূচি পালিত হবে। বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা পর্যায়ে যুব সমাজকে সম্পৃক্ত করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এছাড়াও দিবসটি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমে কর্মসূচির প্রচার এবং রেডিও মহান্দায় বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে।
গত ১৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।
সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।