জুগিডাইং-এ স্টার সানডে উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

স্টার সানডে উপলক্ষে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার জুগিডাইং এলাকায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় স্থানীয় খ্রিস্টান সম্প্রদায় পরিচালিত সানডে স্কুলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমনুরা মিশনের লুথারেন চার্চের রেভারেন্ড রাজেন সরেন এবং সমাজসেবক কামরুজ্জামান মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানডে স্কুলের শিক্ষক সিপানিয়েল হেমরম। আলোচনা সভায় বক্তারা স্টার সানডের তাৎপর্য তুলে ধরেন এবং শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।