জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম (পুরাতন) প্রাঙ্গণ হতে র্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুকুল, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন ইভেন্টের কোচ-প্রশিক্ষকসহ খেলোয়াড়রা। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয়ভাবে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় মিলিত হয়। ওই সভায় সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশন / অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। গোমস্তাপুর : জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে এ র্যালির আয়োজন করে উপজেলা প্রশাসন। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন— উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরীসহ অন্যরা।