ছয় ম্যাচ শেষে জয়শূন্য কলকাতা, গড়লো লজ্জার রেকর্ড

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চরম বাজে সময় পার করছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৬ ম্যাচ খেলে এখনও জয়শূন্য শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। শুক্রবার (১৭ এপ্রিল) গুজরাটের কাছে ৫ উইকেটে হারের পর নতুন লজ্জার নজির গড়েছে কলকাতা।আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোনো মৌসুমের প্রথম ৬টি ম্যাচেই জয়হীন থাকলো কেকেআর। প্রথম দল হিসেবে লজ্জার এই নজির গড়েছিল ডেকান চার্জার্স (তৎকালীন নাম)। তারা ২০১২ সালের আইপিএলের প্রথম ৬টি ম্যাচ জিততে পারেনি। আর দ্বিতীয় দল হিসেবে ২০১৩ সালে দিল্লি ডেয়ার ডেভিলস (তৎকালীন নাম) মৌসুমের প্রথম ছ’টি ম্যাচে জয় পায়নি। ২০১৯ সালে একই লজ্জার মুখোমুখি হতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও। ২০২২ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ৬টি ম্যাচ জিততে পারেনি। পঞ্চম দল হিসেবে এই তালিকায় নাম উঠলো তিনবারের চ্যাম্পিয়ন কলকাতার। ইডেন গার্ডেন্সের পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পায় কলকাতা। বাকি পাঁচ ম্যাচেই হারের তেঁতো স্বাদ পেয়েছে তারা। ফলে মৌসুমের প্রথম ছ’টি ম্যাচ খেলে এখনও জয়শূন্য নাইট শিবির। পয়েন্ট টেবিলে ১০ নম্বরে রয়েছে শাহরুখের দল।