চাঁপাইনবাবঞ্জে ৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল নেশার ট্যাবলেট জব্দ, ঈদ উপলক্ষে সীমান্তে বিশেষ সতর্কতা

শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৩ হাজার ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টডল ট্যবলেট জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। এ ছাড়া জ্বালানি তেল পাচার রোধসহ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষেও সীমান্তে বিশেষ নজরদারি শুরু করেছে বিজিবি। বিজিবি জানায়, গত কাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল দূর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট এলাকায় অভিযান চালায়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৪ লক্ষাধিক টাকা মূল্যের ৩,০৫০ পিস ট্যাপেন্টডল জব্দ হয়। আজ ৫৩বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিগত ৩ মাসে ৫৩ বিজিবি আওতাধীন সীমান্তে একজন আসামীসহ ৩৮৯ বোতল মদ, ২৩২ বোতল ফেনসিডিল, ১ হাজার ৫৬৮ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নেশার সিরাপ, ৭ হাজার ৫৫০ পিস ট্যাপেন্টডল ট্যবলেট,একটি ইঞ্জিনচালিত নৌকা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। এসব মালামালের বাজার মূল্য ২২ লক্ষাধিক টাকা। অধিনায়ক মোস্তাফিজুর আরও বলেন, সীমান্তে নিয়মিত সার্বক্ষনিক দায়িত্বের পাশাপাশি আসন্ন ঈদ মৌসুমে ও জ্বালানি তেল চোরাচালন রোধে সীমান্তের স্থল ও নদীতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ অতিরিক্ত বিশেষ টহল ও চেকপোষ্ট পরিচালনা শুরু করেছে বিজিবি।