চাঁপাইনবাবগঞ্জে ৪ উপজেলায় শিলাবৃষ্টি

চাঁপাইনবাবগঞ্জ সদরসহ ৪ উপজেলায় হালকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। আজ বিকেলে হওয়া এ বৃষ্টিতে আমসহ মাঠকৃষির কিছু ক্ষতি হলেও লাভের পরিমাণ বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোলে উপজেলায় বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও হালকা ও ছোট আকারে শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে কিছু ক্ষতি হলেও এ বৃষ্টিতে লাভের পরিমাণ অনেক বেশি।
তিনি পরামর্শ দেন, যেসব এলাকায় শিলাবৃষ্টি বেশি হয়েছে, সে সকল এলাকার চাষিরা আমবাগানে একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, ফলছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এখনো ওষুধ স্প্রে করে না থাকলে, তারা একটি কীটনাশকও স্প্রে করতে পারেন।
জেলাজুড়ে কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, সেই সাথে মাঠকৃষির ক্ষয়ক্ষতি বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, আগামীকাল (আজ বুধবার) বিস্তারিত জানাতে পারবেন তিনি জানান।