চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ১৮ শিশু হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহভাজন আরো ১৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আজ সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো জানানো হয়, পূর্বে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ৫৪ জন, নতুন ভর্তি ১৮ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপরদিকে অবস্থার অবনতি হওয়ায় আরো ২ জন শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬১ জন রোগী ভর্তি আছে। প্রতিবেদনে আরো জানানো হয়, এখন পর্যন্ত ২০৩ জনের স্যাম্পল পরীক্ষা করে ৪৩ জনের দেহে হামের উপস্থিতি পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জে চলতি বছর হাম সন্দেহভাজন ৭ জনের মৃত্যু হয়েছে।