চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ধর্মীয় সংখালঘুদের নিরাপত্তা, সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ সহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটি। আজ সকাল সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. প্রভাত টুডু।
তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ধর্মীয় সংখালঘুরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য বিশেষ নিরাপত্তা দিতে হবে। নির্বাচন পূর্ব ও পরে এ জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।
নির্বাচন কমিশনকে এজন্য আরও সক্রিয় হতে হবে। কোন ভয়ভীতি,হুমকির ঘটনা ঘটলে তাৎক্ষনিক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে তাদের ইশতেহারে উত্তরবঙ্গ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী একজন টেকনোক্র্যাট মন্ত্রী এবং সংরক্ষিত আসনে একজন সংসদ সদস্য করার ঘোষনা দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভোটের প্রতি সচেতনতা ও আস্থা বাড়াতে সংশ্লিস্টদের আরও কাজ করতে হবে।
প্রভাত টুুডু আরও বলেন, আমরা আর প্রতিশোধমূলক রাজনীতি চাই না। বরং শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক রাজনীতি চাই।
অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, রাজশাহী মহানগর কমিটির সভাপতি সুমি মুরমু, চাঁপাইনবাবগঞ্জের কোল সম্প্রদায়ের নেত্রী রুমালী হাসদা, রাজোয়াড় সম্প্রদায়ের নেত্রী কুটিলা রাজোয়াড়, আদিবাসী নেত্রী মনিকা সরেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।