চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ব্যবসায়ী ও ধর্মীয় নেতাদের সাথে সভা অনুষ্ঠিত

বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ বিষয়ে ব্যবসায়ীগ্রুপ ও সুধিজনদের নিয়ে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মডেল মসজিদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তাফা।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তাফা বলেন, বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা সামাজিক ব্যাধি। এ থেকে মুক্তি পেতে ধর্মীয় নেতা, ইমাম-মাওলানা, ব্যবসায়ী ও সমাজের সব স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সকল মসজিদের ইমাম ও আলেমদের অবহিত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গুল-গোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক খন্দোকার আব্দুল ওয়াহেদ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুফতি হানিফ মাওলানা মো. আব্দুল কাদের, গোবরাতা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি বাবর আলী।

বক্তারা বলেন, শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ব্যবসায়ীদের শ্রমে শিশু নিয়োগ বন্ধ, শিশুদের শিক্ষায় সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং শিশু অধিকার রক্ষায় প্রকল্পের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, এসএসবিসি প্রকল্পের ফ্যাসিলিটেটর মো. নাইম, সরকারি কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, স্বাস্থ্য ও সমাজকর্মী, যুব প্রতিনিধি, ১১-১৮ বছর বয়সী শিশু-কিশোর, ধর্মীয় নেতা ও স্থানীয় নেতৃবৃন্দ সহ অন্যরা। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এই দুটি কর্মসূচির আয়োজন করে।