চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জ শহরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন শহরের আরামবাগ মহল্লার মানিক মিয়ার ছেলে মো. মুসা, একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আব্দুল আলিম এবং শফিকুল ইসলামের ছেলে রিফাত। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে শহরের বাতেন খাঁ মোড় এলাকায় একটি চায়ের দোকানে ‘আমার দেশ’ ও ‘চ্যানেল ওয়ান’-এর জেলা প্রতিনিধি তারেক রহমান এবং ‘মাই টিভি’র জেলা প্রতিনিধি তারেক আজিজ সন্ত্রাসী হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ থেকে ১০ জনের একটি দল অতর্কিতভাবে হামলা চালায়। তাদের মধ্যে ২-৩ জন দুই সাংবাদিককে রাস্তায় ফেলে চায়ের ভাঙা কাপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে প্রাথমিকভাবে দেখা গেছে, চায়ের দোকানে বসা ও ‘তাকানো’ নিয়ে তর্কের জেরে এ ঘটনার সূত্রপাত। হামলাকারীরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে রাব্বি নামে একজনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতিসহ মোট ৯টি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।