চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইনসহ ৮ লক্ষাধিক টাকা উদ্ধার; আটক ২

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় জেলা মাদকদ্রব্য কার্যালয়ের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, র্যাব ও পুলিশসহ টাস্কফোর্স অভিযানে, ১৫৮ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে| গ্রেপ্তার কৃতরা হলেন সদর উপজেলার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে শরিফুল ইসলাম ভুট্টু এবং তার সহযোগি ও প্রতিবেশি এনামুল হকের মেয়ে আমেনা খাতুন| জেলা মাদকদ্রব্য কার্যালয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে রামচন্দ্রপুর হাট এলাকায় অভিযান চালানো হয়| অভিযানে প্রথমে ভুট্টুকে তার বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়| পরে তার স্বীকারোক্তিতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন আমেনা| এ সময় তাদের হেফাজত থেকে জব্দ হয় ১৫৮ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৮ লক্ষ ২০ হাজার ৯১৪ টাকা| জেলা মাদকদ্রব্য কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা করে আসামীদের পুলিশে সোপর্দ করা হয়েছে|