চাঁপাইনবাবগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল মজুত ও বিক্রয় বন্ধে গণবিজ্ঞপ্তি

চাঁপাইনবাবগঞ্জে পেট্রোলিয়াম আইন লঙ্ঘন করে খোলা বাজারে অবৈধভাবে পেট্রোল, ডিজেল ও কেরোসিন তেল মজুত ও বিক্রয় বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শাহাদাত হোসেন মাসুদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, অনুমোদিত ফিলিং স্টেশনের বাইরে খোলা বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রয় করা হচ্ছে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, খোলা বাজারে অবৈধভাবে বিক্রিত জ্বালানি তেল অপরাধীচক্রের হাতে পড়ে বিস্ফোরক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হওয়ার আশঙ্কা বাড়ায়। এর ফলে ভোট কেন্দ্র, জনসমাবেশ, যানবাহনসহ সাধারণ জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী এ ধরনের অবৈধ মজুত ও বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ।
এমতাবস্থায়, জননিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সকলকে খোলা বাজারে জ্বালানি তেল মজুত ও বিক্রয় থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে পেট্রোলিয়াম আইন, ২০১৬সহ অন্যান্য প্রযোজ্য আইনে মোবাইল কোর্ট পরিচালনাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত সোমবার এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।