চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রোগীদের জন্য ‘স্বপ্ন’র উপহার

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জনবল ও বিভিন্ন সেবা সামগ্রীর সংকটের মধ্যে রোগীদের সহায়তায় এগিয়ে এসেছে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’। সংগঠনটির পক্ষ থেকে হাসপাতালটিকে উপহার হিসেবে প্রদান করা হয়েছে ১ হাজার ৫০০ ভিএ ক্ষমতাসম্পন্ন একটি আইপিএস, ৪টি হুইলচেয়ার এবং ১০টি চার্জার লাইট।

রোববার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চিকিৎসা সহায়ক সামগ্রী গ্রহণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুস সামাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাবুদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, ‘স্বপ্ন’র স্বেচ্ছাসেবক ডা. মুশফিকুর রহমান তামিম, আসিফ রেজা, আবু রায়হান, খাইরুল ইসলামসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীরা আশা প্রকাশ করেন, তীব্র গরম ও চলমান লোডশেডিংয়ের সময়ে এসব সামগ্রী রোগীদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। বিশেষ করে শিশু, বৃদ্ধ, প্রসূতি এবং দুর্ঘটনায় আহত রোগীদের সেবায় এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেশি থাকায় আইপিএসটি সেখানে স্থাপন করা হবে। তারা আরও বলেন, সরকারি প্রতিষ্ঠান হলেও হাসপাতালের উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন রয়েছে।

এ ধরনের মানবিক উদ্যোগের জন্য ‘স্বপ্ন’র তরুণদের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।