গোমস্তাপুরে ১১ জন মোটরসাইকেল চালককে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়ক পরিবহন আইন অমান্য করার দায়ে ১১ জন মোটরসাইকেল চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে উপজেলার চৌডালা ইউনিয়নে পৃথক দুটি অভিযানে এসব জরিমানা করা হয়। মোট ৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
একটি অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি ৮টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা পৃথক অভিযানে ৩টি মামলায় ১ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেন।
মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকা, হেলমেট ব্যবহার না করা এবং অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে এসব জরিমানা করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২(ক) ধারায় মামলাগুলো দায়ের করা হয়।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের লাইসেন্স হালনাগাদ রাখা ও হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়।